সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি–টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের নাম এসেছে বদলি খেলোয়াড় হিসেবে। আজ শনিবার দুবাই ক্যাপিটালস তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে।
মোস্তাফিজের অন্তর্ভুক্তির ফলে এবারের আইএল টি–টোয়েন্টিতে বাংলাদেশের খেলোয়াড় সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। আগেই নিলাম থেকে সাকিব আল হাসানকে নিয়েছে মুম্বাই এমিরেটস এবং তাসকিন আহমেদকে শারজা ওয়ারিয়র্স।
২০২৩ সালে শুরু হওয়া আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। গত আগস্টে দুবাই সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে দলে নেওয়ার কথা জানিয়েছিল। এই দলটির মালিক ভারতের জিএমআর গ্রুপ, যাদের আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে শেষবার খেলেছিলেন মোস্তাফিজ।
যদিও ১ অক্টোবর নিলামের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দুবাই জানিয়েছিল, মোস্তাফিজ তাদের দলে থাকছেন না এবং বদলি হিসেবে হায়দার আলীর নাম ঘোষণা করা হয়েছিল। এখন প্রায় দুই মাস পর নতুন পোস্টে জানানো হয়েছে, চতুর্থ আসরে জিএম রিতেশের বদলি হিসেবে খেলবেন মোস্তাফিজ।
তবে মোস্তাফিজের অংশগ্রহণের বিষয়টি নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্রের ওপর, কারণ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা বিপিএলের দ্বাদশ আসর।
